রাজবাড়ী জেলা শহরের সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর মৌলভীঘাটে পদ্মা নদীর পাড়ে জেলা পরিষদের অর্থায়নে দৃষ্টিনন্দন স্থাপনা, ইলিশের ভাস্কর্য ‘জলাঙ্গী’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে গোধূলী বেলায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার এই দৃষ্টিনন্দন স্থাপনা ‘জলাঙ্গীর’ উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
জানা গেছে, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা পরিষদের অর্থায়নে সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমরা জেলা প্রশাসন সবসময় চেষ্টা করি রাজবাড়ীবাসী যেন ভালো থাকতে পারে। রাজবাড়ীতে সাধারণ মানুষের বিনোদনের জন্য পর্যটন কেন্দ্র সেভাবে নেই। জেলা পরিষদের অর্থায়নে মৌলভীঘাটের এখানে একটি দৃষ্টিনন্দন স্থাপনা 'জলাঙ্গী' উদ্বোধন করা হলো। এর আগে আমরা গোদারবাজার পদ্মাপুলকে ‘আই লাভ রাজবাড়ী’ স্থাপন করেছি। এছাড়াও জেলা পরিষদের অর্থায়নে সেখানে আমরা ‘জল কাব্য’ নামের আরেকটি স্থাপনা করেছি। এছাড়াও জেলা প্রশাসন থেকে পদ্মাপাড়ে পর্যটক ও দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। আমরা সেখানে একটি ওয়াশব্লক করেছি, গোলঘর করেছি। আমাদের এ ধরনের উন্নয়নমূলক কাজ চলমান থাকবে। আমরা চাই যে রাজবাড়ীর বাঁধের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী পদ্মার ভাঙন যেন না দেখে রাজবাড়ীবাসী। নদীর যে সৌন্দর্য এবং নদী কেন্দ্রিক যে পর্যটন কেন্দ্র এটি রাজবাড়ী জেলাকে আরও সমৃদ্ধ করুক।
তিনি আরও বলেন, পদ্মাকে ঘিরে পর্যটনের সম্ভাবনা অনেক বেশি। আপনারা যদি পাশের জেলা কুষ্টিয়া দেখেন, অথবা যমুনার ধারে যদি দেখেন ওই জেলাগুলো কিন্তু নদীকে কেন্দ্র করে তারা পর্যটনকে তারা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আমি পড়ালেখার জন্য এক বছর ইউকেতে ছিলাম। সেখানে আমি দেখেছি নদীকে কেন্দ্র করে তারা অসাধারণভাবে পর্যটনকে ডেভেলপ করেছে। তাদের নদীর যে সৌন্দর্য তা আমাদের নদীর ধারের কাছেও নেই। আমরা বিশ্বাস করি আমাদের এই উদ্যোগগুলো খুব বড় কিছু না, আমরা ছোট ছোট উদ্যোগই নিয়েছি। আমরা বিশ্বাস করি জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভার উদ্যোগে উন্নয়নমূলক কাজগুলোকে রাজবাড়ীবাসী এগুলোকে উৎসাহিত করে অচিরেই রাজবাড়ীতে নদীভিত্তিক ট্যুরিজম অনেক বিকশিত হবে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, এনডিসি মো. হাফিজুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবুবকর সিদ্দিক, মো. আশিকুজ্জামান, মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচনের মাধ্যমে 'জলাঙ্গী' উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করেন, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সিয়াম হুসাইন।
প্রতিনিধি/এসএস

