বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

শিশু গৃহকর্মীর ওপর নির্যাতন, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

শিশু গৃহকর্মীর ওপর নির্যাতন, গ্রেফতার ৪
নির্যাতিত শিশু গৃহকর্মী

ঢাকার উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্মমভাবে মারধর ও গরম বস্তু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে গৃহকর্ত্রীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে সোমবার (২ ফেব্রুয়ারি) আদালতে পাঠিয়েছে পুলিশ।

হাসপাতালে গিয়ে দেখা যায়, সার্জারি বিভাগের বেডে কাতরাচ্ছে ১১ বছর বয়সী মোহনা। তার বুক, পিঠ, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর ও পোড়া ক্ষতের চিহ্ন স্পষ্ট। কিছু ক্ষত শুকিয়ে শক্ত হয়ে টান ধরেছে, আবার অনেক ক্ষত এখনও দগদগে অবস্থায় রয়েছে।


বিজ্ঞাপন


পরিবারের অভিযোগ, প্রায় আট মাস আগে সংসারের অভাব দূর করতে উত্তরার এক বাসায় গৃহকর্মীর কাজ করতে পাঠানো হয় মোহনাকে। প্রথমদিকে ভালো ব্যবহার করা হলেও কিছুদিন পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

মোহনার বাবা গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, মেয়ের সঙ্গে পরিবারের যোগাযোগ সীমিত করে দেওয়া হয়। দীর্ঘদিন মেয়ের সঙ্গে কথা বলতে না পারায় সন্দেহ তৈরি হলেও পরে জানতে পারেন তার মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন মোহনা জানায়, তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না। সামান্য ভুল হলেই মারধর করা হতো এবং অনেক সময় বাথরুমে আটকে রাখা হতো। পরিবারের সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হতো।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহম্মেদ জানান, ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে। মামলায় দুজনের নাম উল্লেখ করে এবং আরও দুজনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার ভিত্তিতে অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও হাসপাতাল পরিদর্শন করে ভিকটিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

এদিকে, শিশুটির শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসক ও স্বজনরা। চিকিৎসকরা জানান, দীর্ঘদিনের নির্যাতনের কারণে শিশুটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং মানসিক আঘাতও গুরুতর।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর