শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

কাশিমপুর কারাগারে পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করলেন ৯৭১ বন্দি

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ এএম

শেয়ার করুন:

কাশিমপুর কারাগারে পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করলেন ৯৭১ বন্দি

গাজীপুরের কাশিমপুরে চারটি কারাগারে ৯৭১ জন বন্দি পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


কাশিমপুর কারাগার-১ এর কারা জেল সুপার আবু নুর রেজা জানান, তার কারাগারে ১৬১ জন বন্দি পোস্টাল ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর ৫১টি ব্যালট হাতে পেয়েছেন, বাকিগুলো পর্যায়ক্রম আসবে।

কাশিমপুর কারাকার-২ এর জেল সুপার মো. আল মামুন জানান, তার কারাগারে ১৩৭ জন বন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। ইতোমধ্যে তাদের ১০০টির মতো ব্যালট হাতে পেয়েছেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, তার কারাগারে ৬২৯ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে এযাবৎ ৩৩০টি ব্যালট হাতে পেয়েছেন। অবশিষ্ট গুলি যাচাই বাছাই শেষে তাদের কাছে পাঠানো হবে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার জানান, এই কারাগারে ৪৪ জন নারী বন্দী পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে একমাত্র ২৬টি ব্যালট হাতে পেয়েছেন। সমগ্র ব্যালট যাচাই বাছাইয়ের পর হাতে পৌঁছলে কারাগারে বুথ স্থাপন করে ভোটগ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


অপরদিকে, নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হন। যাচাই—বাছাই শেষে এর মধ্যে ২২ হাজার ৯২৭টি পোস্টাল ব্যালট অনুমোদিত হয় এবং ৯০টি ব্যালট অনুমোদন পায়নি। অনুমোদিত সব ব্যালটই বিধি অনুযায়ী বিডি পোস্টের মাধ্যমে প্রেরণের জন্য প্রস্তুত করা হয়।

রোববার ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রমের প্রথম দিনে জেলা প্রশাসনের হাতে ৫০টি পোস্টাল ব্যালট এসে পৌঁছায়। এসব ব্যালট স্ক্যান করে যাচাই করতে গিয়ে সার্ভার জটিলতার কারণে স্ক্যানিং রিপোর্টে তথ্যগত অসামঞ্জস্য ধরা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হলে কমিশনের নির্দেশনা অনুযায়ী ওইদিন পোস্টাল ব্যালটের যাচাই (স্ক্যানিং) কার্যক্রম আপাতত স্থগিত করা হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর