মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থীকে জাতীয় পার্টির আনুষ্ঠানিক সমর্থন

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থীকে জাতীয় পার্টির আনুষ্ঠানিক সমর্থন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

গত রোববার (১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বিশমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে এই সমর্থনের ঘোষণা দেন।


বিজ্ঞাপন


সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল আলম এবং সাধারণ সম্পাদক এ কে এম সাজ্জাদ পারভেজসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় পার্টির নেতারা তাদের বক্তব্যে বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়নের জন্য প্রকৌশলী তুহিনের কোনো বিকল্প নেই। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের দোরগোড়ায় গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন দলটির নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে আমি নীলফামারী-২ আসনের উন্নয়নে কাজ করতে চাই।’ তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা পার্টির আহ্বায়ক তহিদা জ্যোতি, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সামু, জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম লিখন, জাতীয় শ্রমিক পার্টির জেলা আহ্বায়ক বজলার রহমান ও সদস্য সচিব হাসান আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর