বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না: মামুনুল হক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

শেয়ার করুন:

লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না: মামুনুল হক

দেশের মানুষ আর লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, জনগণ এখন পরিশুদ্ধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রত্যাশায় জেগে উঠেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শরীয়তপুর পৌরসভা মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


বিজ্ঞাপন


মামুনুল হক বলেন, ‘আমরা আসন্ন নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে দেশের মানুষকে একটি স্পষ্ট বার্তা দিতে এসেছি। দেশের মুক্তিকামী মানুষ আজ জাগ্রত। তারা আর দুর্নীতি, সন্ত্রাস ও পেশিশক্তিনির্ভর রাজনীতি মেনে নেবে না। এবার দেশের রাজনীতিতে পরিশুদ্ধতার সূচনা হবে।’

তিনি আরও বলেন, যারা কালোটাকা, গুণ্ডামি আর ক্ষমতার দাপটের ওপর ভর করে রাজনীতি করতে চায়, তাদের সময় শেষ হয়ে এসেছে। আগামী দিনে এ দেশে দুর্নীতিবাজ ও সন্ত্রাসনির্ভর রাজনীতির কোনো স্থান হবে না।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে খেলাফত মজলিসের এই নেতা বলেন, বাংলাদেশ এখন আর ভয়ের রাজনীতির দেশ নয়। এটি এখন বিপ্লবীদের দেশ; ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানো মানুষের দেশ। একটি ইনসাফপূর্ণ সমাজ ও দেশ গড়তে জনগণ আজ প্রস্তুত।

জনসভায় বক্তারা বলেন, ১১ দলীয় ঐক্যজোট দেশের রাজনীতিতে নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।


বিজ্ঞাপন


সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর