সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্ম ও বর্ণের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনে দলটির মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
তিনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ, যেখানে কেউ ধর্ম বা পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না।’
বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ আব্দুল ওয়াদুদ বলেন, ‘ইসলাম সাম্য ও ন্যায়ের শিক্ষা দেয়। এই ন্যায়ের ভিত্তিতেই জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চায়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই এই দেশের সমান নাগরিক। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘রামপাল-মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব। কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈষম্য নয়- ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থাই আমাদের অঙ্গীকার।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে ন্যায়বিচার ও সুশাসনের অভাব প্রকট। দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই।’
ভোজপাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শেখ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা জুলফিকার আলী, মোংলা উপজেলা জামায়াতের আমির আবু হানিফ, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধ, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।’
এএম

