নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ‘দলের সাইনবোর্ড টাঙিয়ে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিল বা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।’
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক দল আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সিংড়ার উন্নয়ন ও সম্ভাবনা ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু তার বক্তব্যে বলেন, ‘শস্য ও মাছের ভাণ্ডার হিসেবে খ্যাত আমাদের এই সিংড়া অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। আমরা যদি সঠিক পরিকল্পনা ও কৌশল নিয়ে এগোতে পারি, তবে সিংড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা সম্ভব। সেই পরিবর্তনের সুযোগ এখন আপনাদের দোরগোড়ায়। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’
অতীতের সমালোচনা ও ব্যক্তিগত অঙ্গীকার বিগত সময়ের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৪ সালের পর সিংড়াকে বিভিন্নভাবে অসম্মানিত করা হয়েছে। এখানে সাধারণ মানুষের পুকুর দখল ও চাঁদাবাজির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমি শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করি। কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমি কারো সম্পদ লুট করেছি বা কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করেছি, তবে আমি আজই রাজনীতি ছেড়ে দেব।’
তিনি আরও যোগ করেন, ‘আমার পরিবারের সবাই সুপ্রতিষ্ঠিত। আমার স্ত্রী একজন শিক্ষক এবং ছেলে নামী প্রতিষ্ঠানে কর্মরত। ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া বা লোভ আমার নেই। আমি শুধু আপনাদের সেবা করতে চাই।’
উপস্থিত নেতৃবৃন্দ নাটোর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান লিটনের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন: নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ; জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ; যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল; জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু; সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুননেছা পুতুল; পৌর বিএনপির আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন মাখা।
বিজ্ঞাপন
সভায় বক্তারা ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিনিধি/একেবি

