মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু এলাকায় ইঞ্জিনচালিত ট্রলার থেকে লাফ দিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এক শিক্ষার্থী।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লৌহজং উপজেলার সীমানাধীন পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে সন্ধ্যা নেমে আসায় রাতে অন্ধকার বৃদ্ধি পাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ শিক্ষার্থীর সহপাঠীরা জানান, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী নৌকাযোগে পদ্মা সেতু দেখতে ঘুরতে আসেন মাওয়া প্রান্তে। এ সময় ইঞ্জিনচালিত ট্রলার থেকে লাফ দিয়ে তিনজন নদীতে গোসল করতে নামেন। পরে স্রোতের কবলে পড়ে দুজন তাৎক্ষণিক সাঁতরে ট্রলারটিতে উঠে এলেও একজন নিখোঁজ হয়।
নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম নাইম (২৭)। তিনি সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি নাটোরে বলে জানিয়েছে অন্য শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পাঁচ সদস্যের ডুবুরি দলের টিম উদ্ধার কার্যক্রম শুরু করে ঘটনাস্থলে, তবে কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি নিখোঁজ শিক্ষার্থী নাঈমের।
তিনি জানান, মুন্সিগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না মেলা পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




