ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, গত ১৭ বছর মানুষ নিজের হাতে ভোট দিতে পারেনি। ভোট অন্যরা জোর করে দিয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নির্বাচনি প্রচারণাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জি কে গউছ বলেন, আমাদের দেশে ভোট এলে উৎসব হয়। উৎসবের আমেজে আমরা ভোট দিই। সারাদেশের মানুষের সঙ্গে আনন্দিত হই। কিন্তু বিগত তিনটি নির্বাচনে উৎসব দূরের কথা, আতঙ্ক-ভয় আমাদের কাবু করে ফেলেছিল। ভোটের পক্ষে কারও কথা বলার সুযোগ ছিল না।
তিনি বলেন, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে কেউ কথা বলতে চেয়েছে তার আর নিস্তার নেই। কথা বললেই মামলা, হামলা, পুলিশের ধাওয়ায় বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে।
সভায় বক্তব্য দেন- নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহিদ, বিএনপি নেতা আব্দুল হাই, ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াছ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান সুমন প্রমুখ। এ সভায় শত শত লোক অংশগ্রহণ করে ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে। ভোটাররা মনে করেন শায়েস্তাগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে।
প্রতিনিধি/এজে

