চাঁদপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার (৩১ জানুয়ারি)। জেলার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে পৃথক পৃথক স্থানে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
দুইটি নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিজ্ঞাপন
শনিবার সকাল ৮টায় প্রথম জনসভাটি অনুষ্ঠিত হবে চাঁদপুর-৪ আসন (ফরিদগঞ্জ) এর উপজেলা সদরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। জনসমাবেশে উপস্থিত থাকবেন চাঁদপুর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ নেতাকর্মীরা।
এরপর সকাল ১০টায় সদর আসনের জন্য পৌর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে চাঁদপুর-৩ আসনের নির্বাচনি জনসমাবেশ। এতে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে জানিয়ে এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে আমাদের নির্বাচনি জনসমাবেশগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এসব জনসমাবেশের মাধ্যমে জনগণের সামনে দলের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
/এএস

