শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কেমিক্যাল পদার্থের খালি ড্রাম বিস্ফোরণে রায়হান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লোকনাথ দাস (২৪) নামে এক ওয়ার্কসপ মালিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পোনে ১২টার দিকে উপজেলার লালপুর বাজারের লোকনাথ ওয়ার্কসপে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কসপে কাজ করত।

স্থানীয়রা জানায়, দুপুরে লোকনাথ দাস তার ওয়ার্কসপে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ (ছিপি) বন্ধ ছিল। দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ড্রামটির ভেতরে দাহ্য গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রাইন্ডার লাগানোর সঙ্গে সঙ্গেই ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ সময় রায়হান ডগইয়ার্ডের প্লেনশিট নিয়ে লোকনাথের ওয়ার্কসপের সামনে দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে রায়হানের মাথায় আঘাত করে। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।


বিজ্ঞাপন


আহত লোকনাথ দাসকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর