ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার জীবন্ত প্রতীক (ঘোড়া) নিয়ে প্রচারণার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জীবন্ত ঘোড়ার সঙ্গে তোলা তার একটি ছবি ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। ছবিতে দেখা যায়, তিনি একটি জীবন্ত ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন।
বিজ্ঞাপন
তবে শেখ সুজাত দাবি করেছেন, এটি একটি পুরনো ছবি, যা তার কোনো সমর্থক ছড়িয়ে দিয়েছেন।
৪ জানুয়ারি নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, নির্বাচনি প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ৩ মিটারের বেশি হতে পারবে না। পাশাপাশি জীবন্ত প্রাণীকে প্রতীক হিসেবে ব্যবহার বা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।
তারপরও সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) শেখ সুজাত মিয়া তার জীবন্ত ঘোড়ার সঙ্গে তোলা ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে প্রতীক বরাদ্দের দিন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেকে এলাকার কিং হিসেবে উল্লেখ করেছিলেন, যা বিতর্ক সৃষ্টি করে।
বিজ্ঞাপন
পরে ফেসবুক পোস্টে তিনি মন্তব্যের ব্যাখ্যা দেন। এবার জীবন্ত প্রতীকের সঙ্গে প্রচারণার দৃশ্য আরও এক দফা আলোচনায় এসেছে।
যোগাযোগ করা হলে শেখ সুজাত মিয়া বলেন, আমি শখের বশে প্রায়ই ঘোড়ায় আরোহন করি। অনেক আগে ঘোড়ায় চড়ে আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম। ধারণা করছি, কোনো সমর্থক পুরনো ছবিটি ছড়িয়ে দিয়েছেন। হতে পারে এটি তার অনিচ্ছাকৃত একটি ত্রুটি।
এএইচ

