আগামী ২৬ জানুয়ারি নয়, তার পরের দিন ২৭ জানুয়ারি বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বরিশালের জনসভা অনুষ্ঠিত হবে। বেলসপার্ক ময়দানে অনুষ্ঠিতব্য এই জনসমাবেশ সফল করতে গণসংযোগের পাশাপাশি নানান কর্মসূচি করছে বরিশাল বিএনপি নেতাকর্মীরা। কমপক্ষে ৭০ হাজার থেকে এক লাখ লোকসমাগমের টার্গেটে ইতোমধ্যে নেতাকর্মীরা প্রচারণার পাশাপাশি ওয়ার্ডভিত্তিক উপ-কমিটি করা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বরিশালে নানান কর্মসূচি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি। দীর্ঘ বিশ বছর পর তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ফেস্টুন টানিয়েছে নেতাকর্মীরা। আগামী ২৭ জানুয়ারি বরিশাল নগরীর বেলসপার্ক মাঠে বিভাগীয় রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সমাবেশে বরিশাল বিভাগের বিএনপি’র নেতাকর্মীরা যোগদান করবে বলে জানা গেছে। এরই মধ্যে সমাবেশের মঞ্চ প্রস্তুত কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে বেলস পার্ক মাঠ পরিদর্শন করেছেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ২৭ জানুয়ারির মহাসমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্নে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে মাঠ বরাদ্দ ও মেট্রোপলিটন পুলিশের কাছে আইনশৃঙ্খলা সহায়তা চেয়ে আবেদন দেওয়া হয়েছে। তা ছাড়া দলের চেয়ারম্যানের বরিশাল সফর সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।
এ বিষয়ে বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক আসা আমাদের জন্য বড় লাভের বিষয়। তিনি আসলে যে জনসভা হবে সেটি আমাদের ইলেকশনের কাজকে বৃদ্ধি করবে। তাই আমরা ভোটের কাজের সঙ্গে চেয়ারম্যান বরিশালে আসবেন সেই কথাটাও জনগণকে বলছি। এজন্য বিভিন্ন কমিটি করছি।
সরোয়ার আরও বলেন, প্রত্যেক ওয়ার্ডে প্রচার উপকমিটি, আইন শৃঙ্খলা রক্ষার, আপ্যায়ন, স্বেচ্ছাসেবক, আবাসন কমিটি গঠন করা হয়েছে। ৭০ হাজার থেকে এক লাখ পর্যন্ত মানুষ আসবেন বলে ধারণা করেন তিনি।
প্রতিনিধি/এসএস




