সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

‘হ্যাঁ ভোট মানে হচ্ছে, আমাদের আগামীর স্বাধীন সাংবাদিকতা’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

‘হ্যাঁ ভোট মানে হচ্ছে, আমাদের আগামীর স্বাধীন সাংবাদিকতা’

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ বলেছেন, হ্যাঁ ভোট মানে হচ্ছে আমাদের স্বাধীন সাংবাদিকতা। এতে নির্ভর করছে আগামী দিনের সাংবাদিকতা। আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যে সংস্কারগুলো করা হয়েছে, সেখানে যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয়। এজন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁকে জয়ী করে আমাদের স্বাধীন সাংবাদিকতা স্বাধীন সংবাদ মাধ্যম নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে।

 শুক্রবার (২৩ জানুয়ারি) ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকরা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


এম. আবদুল্লাহ বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। একেবারেই ব্যতিক্রম একটি নির্বাচন। অন্য নির্বাচন থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিগত তিনটি নির্বাচন থেকে। ট্রেডিশনাল নির্বাচনি রিপোর্ট এখন আর চলে না। ইলেকট্রনিক্স মিডিয়ায় নির্বাচন সাংবাদিকতার দায়িত্ব ও গুরুত্ব অনেক বেশি। পেশাদার দায়িত্বশীলতার জায়গা ঠিকঠাকমতো অনুসরণ করতে না পারলে নির্বাচন যেমন ভন্ডুলের আশঙ্কা তৈরি হবে। দায়িত্বশীলতার মাধ্যম একইসঙ্গে ইতিহাস স্থাপনের নির্বাচন করে দেওয়া সম্ভব।

তিনি বলেন, ভোটাধিকার হরণের কারণে ভোটারদের প্রত্যাশা যেমন আকাশ ছোঁয়া এবং নির্বাচন নিয়ে অনেক সংকটের জায়গা আছে। কারণ একমাত্র ১৯৮৮ সালের পর দেশের বড় একটি দল আওয়ামী লীগ বিহীন নির্বাচন এর আগে হয়নি। এ নির্বাচনের মেরূকরণ সম্পূর্ণ ভিন্ন। পরস্পর কাছাকাছি মতাদর্শের দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন বাঁধাহীন সাংবাদিকতার পরিবেশ আছে। ডিজিটাল প্লাটফর্ম গুলোতে কতটুকু দায়িত্বশীল জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করতে পারছি। বৃহৎ একটি শক্তি নির্বাচনে নেই, তারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করতে পারে। ভুয়া ভিডিও দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করতে পারে। এটা নির্বাচনে আশঙ্কা তৈরি করবে। তথ্য পাওয়া যাবে, সেগুলো বার বার যাচাই করতে হবে। গণতন্ত্রের জায়গা থেকে আমাদের হোঁচট খাওয়া যাবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আর টিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, বাংলাদেশ টেলিভিশনের ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ।

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া।


বিজ্ঞাপন


এ সময় টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সদস্য, ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর