মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

টেকনাফে মানবপাচারকে কেন্দ্র করে গোলাগুলিতে কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

টেকনাফে মানবপাচারকে কেন্দ্র করে গোলাগুলিতে কিশোরীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকে কেন্দ্র করে দুই অস্ত্রধারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সুমাইয়া আক্তার (১৭) নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরপথে মানব পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাসহ কয়েকজনকে বাহারছড়ার নোয়াখালীপাড়ার পাহাড়ি এলাকায় জিম্মি করে রাখে একটি মানব পাচারকারী চক্র। জিম্মিদের উদ্ধারের উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আসা ১০–১২ জন অস্ত্রধারী ব্যক্তি পাহাড়ি ওই এলাকায় পাচারকারীদের আস্তানায় হামলা চালায়। এ সময় পাচারকারীরাও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে তীব্র গোলাগুলি চলে। গোলাগুলির এক পর্যায়ে পাহাড়সংলগ্ন স্থানীয় বাসিন্দা মো. ছিদ্দিক আহমেদের বসতবাড়িতে গুলি লাগে। এতে তার মেয়ে সুমাইয়া আক্তার বুকে গুলিবিদ্ধ হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর বাবা মো. ছিদ্দিক আহমেদ বলেন, সন্ধ্যার দিকে পাহাড়ের ভেতর থেকে হঠাৎ করে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর আমার মেয়ের বুকে গুলি লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াছ জানান, পাহাড়ি এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা লোকজনকে উদ্ধারের নামে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা অস্ত্রধারীরা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। এই ঘটনায় স্থানীয় এক পরিবারের কিশোরী নিহত হওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, দুই পক্ষের গোলাগুলির ঘটনায় নোয়াখালীপাড়া এলাকায় এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অস্ত্রধারী দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় একটি বসতবাড়িতে গুলি লাগে এবং এতে এক কিশোরী নিহত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর নোয়াখালীপাড়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর