কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়াঈ ও রংমহল সীমান্ত এলাকায় দুইটি পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় চার শতাধিক স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি। তিনি সীমান্ত পরিস্থিতি, সম্ভাব্য পুশ-ইন ঝুঁকি এবং স্থানীয় জনগণের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অধিনায়ক জানান, প্রতিবেশী রাষ্ট্র ভারতে বর্তমানে এসআইআর (Special Intensive Revision) কার্যক্রম চলমান থাকায় বিএসএফ কর্তৃক পুশ-ইনের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি স্থানীয় জনগণ, আনসার-ভিডিপি সদস্যদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, পুশ-ইন সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। বিএসএফ যাতে সীমান্ত দিয়ে কাউকে পুশ-ইন করতে না পারে, সে বিষয়ে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তের ওপারের আত্মীয়- স্বজনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
এসময় তিনি আরও বলেন, সীমান্ত আইন ভঙ্গ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। এসব অপরাধ সামাজিক ক্ষতি বাড়ায় এবং আইনি জটিলতা তৈরি করে। তাই এসব অপরাধকে সামাজিকভাবে বয়কট ও প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
অধিনায়ক স্থানীয়দের উদ্দেশে আরও কয়েকটি নির্দেশনা প্রদান করেন তা হলো-
*** শূন্য লাইন অতিক্রম না করা।
*** সন্ধ্যার পর সীমান্ত এলাকায় অযথা ঘোরাফেরা না করা।
*** চোরাকারবারি, মানবপাচারকারী ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করা।
*** সীমান্ত দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকা।
*** গবাদি পশু শূন্য লাইনের কাছে না চরানো।
*** ভারতের ভেতর জমি লিজ না নেওয়া বা চাষাবাদে না যাওয়া।
স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং পুশ-ইনসহ সীমান্ত অপরাধ রোধে বিজিবির সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এমন সভা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে

