বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যায় জড়িতদের বেশির ভাগই আ.লীগের‘

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম

শেয়ার করুন:

‘সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যায় জড়িতদের বেশির ভাগই আ.লীগের‘

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যায় জড়িতদের বেশির ভাগই আওয়ামী লীগের বলে অভিযোগ করেছেন তার ছেলে ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া আলোচিত অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


রেজা কিবরিয়া বলেন, আব্বার খুনিদের কাউকেই এখনও ধরা হয়নি। আমার বিশ্বাস, তাদের বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাদের অনেকে এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। তারা জানে, আমি ক্ষমতায় গেলে বাবার হত্যার বিচার প্রক্রিয়া এগিয়ে নেব। এটা আমার দায়িত্ব। আর সেই কারণেই আমার জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যায় না। সুষ্ঠু না হলে আমরা সেটি মেনে নেব না। ২০১৮ সালের মতো যদি কেউ কেন্দ্র দখল করে ভোট নেওয়ার চেষ্টা করে, আমরা তার প্রতিবাদ করব।

সম্প্রতি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপিতে সদ্য যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া।

১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার পর সেই আলোচনা আরও ঘনীভূত হয়। যোগদানের পর এই প্রথম তিনি নিজ এলাকায় আসেন।


বিজ্ঞাপন


নির্বাচিত হলে অধিকাংশ সময় এলাকায় থাকবেন নাকি ঢাকায়- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, ঢাকায় থাকলে কেন্দ্রীয় পর্যায়ের ক্ষমতা ও সুযোগ-সুবিধা ব্যবহার করে এলাকায় বেশি কাজ করতে পারব। এলাকায় সব সময় অবস্থান করলে সেই সক্ষমতা কমে আসবে।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, সহ-সভাপতি রায়েতউল্যাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ দালুকদারসহ স্থানীয় নেতারা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর