বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে এনসিপির আরও ৫ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে এনসিপির আরও ৫ নেতার পদত্যাগ

রাজশাহীতে এনসিপির  আরও ৫ নেতা পদত্যাগ করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) দলটির আহ্বায়ক বরাবর তারা এই পদত্যাগপত্র পাঠান। এই ৫ নেতাই রাজশাহী জেলা কমিটির সদস্য হিসেবে ছিলেন।

তারা হলেন আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, ও মো. নঈম ফকির।


বিজ্ঞাপন


পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন:

‘যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে, গত ২৯ নভেম্বর তারিখে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত চিঠির (স্মারক নম্বর: এনসিপি। কেন্দ্র। জে.আ.ক।২০২৫-২০২৬/১৭) মাধ্যমে রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়। সেখানে আমাদের ৫ জন; ১. আজিজুল ইসলাম, ২. মো. আসাদ, ৩. মিলন চন্দ্র ঘোষ, ৪. মোহাম্মদ আরিফুল ইসলাম, ৫. মো. নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসাবে পদায়ন করা হয়েছে।

কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে যে, ‘আমরা জুলাই আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা ছিলাম। স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করলাম, আর সেই স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে জেলা কমিটির আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।’ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আন্দোলনের সঙ্গে বেইমানি রাজশাহীর মাটিতে হতে দেওয়া হবে না। এছাড়া নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে, যাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।

পদত্যাগ করা নেতারা আরও উল্লেখ করেন: ‘আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এই কমিটি দেখে মর্মাহত। আমরা অবিলম্বে এই কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি।’


বিজ্ঞাপন


‘রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরদের কোনো স্থান হবে না। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব।’

‘কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা ৫ জন পদত্যাগ করলাম।’

এ বিষয়ে আজিজুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘আমরা আজ পদত্যাগ করলাম। আহ্বায়কের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। আমরা সম্মুখসারিতে যুদ্ধ করেছিলাম। এখন যদি আবার আওয়ামী লীগের দোসরকেই আহ্বায়ক করা হয়, আর সদস্য সচিবও যে আছেন, তাকে আমরা কখনোই চিনিই না; তাহলে এই কমিটিতে কীভাবে থাকতে পারি? তাই আমরা আজ ৫ জন পদত্যাগ করলাম।’

এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) আরও ৫ নেতা পদত্যাগ করেন। নতুন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বৈরাচারের দোসর এমন অভিযোগ তুলেই তারা পদত্যাগ করেছিলেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর