কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বিত অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।
বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টায় এ অভিযানে জব্দ করা অস্ত্রসামগ্রী এলাকার নিরাপত্তা পরিস্থিতিকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফ থানাধীন কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালান। এসময় পরিত্যক্ত অবস্থায় গোলাবারুদ ও দেশীয় অস্ত্র পাওয়া যায়।
জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে— ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩টি ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসী চক্র পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা না গেলেও তাদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দ করা অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
প্রতিনিধি/এসএস

