বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে আ.লীগ থেকে গণপদত্যাগ 

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

রংপুরে সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে আ.লীগ থেকে গণপদত্যাগ 

সরকার পতনের ১৫ মাসের মাথায় রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে ঘটেছে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন। বহু বছর ধরে আওয়ামী লীগের ভিত্তি হিসেবে পরিচিত বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফ। আওয়ামী লীগের আমলে ছিলেন বেতগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান। সেই মোহাইমিনুল ইসলাম মারুফের নেতৃত্বেই ওই ইউনিয়নের অনেক নেতাকর্মী আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেকেই হঠাৎ করেই দলীয় সব পদ থেকে একযোগে গণপদত্যাগের ঘোষণা দেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বেতগাড়ী বাজার জিরো পয়েন্টে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।


বিজ্ঞাপন


এ সময় পদত্যাগ করেন— ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান রঞ্জু ও মো. নুরুজ্জামান নয়া, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রকিবুল হক, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হুকমা, বাবু হরিমল, যুবলীগ নেতা রবিউল ইসলাম ও বাইজিদ।

মোহাইমিনুল ইসলাম মারুফ সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় কারাবরণ করেন। পরবর্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার হন।


বিজ্ঞাপন


পদত্যাগের সময় মোহাইমিনুল ইসলাম মারুফ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমরা এতদিন ভুল পথে ছিলাম। আজ থেকে সকল প্রকার পদ-পদবি থেকে একযোগে পদত্যাগ করছি। আজকের পর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমরা কোন কর্মকাণ্ডে যুক্ত হবো না।

এদিকে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ নিয়ে তাৎক্ষণিকভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বাজারে। এই গণপদত্যাগের মাধ্যমে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নেতৃত্বের এমন সিদ্ধান্ত সামনে এক নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর