পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জহিরুল উপজেলার দরগাসিং গ্রামের মৃত আমের আলীর ছেলে। এবং পেশায় তিনি পাথর-বালু লোডিং শ্রমিক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল ঘটনাস্থলের পাশে এক ট্রাকে পাথর-বালু লোড করছিলেন। কাজ শেষ করে ট্রাক মহাসড়কে তোলার সময় সহকারী হিসেবে রাস্তায় দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন। এ সময় বাংলাবান্ধা থেকে আসা দ্রুতগতির পাথরবোঝাই আরেকটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি দেবাশীষ রায় জানান, ঘটনার পর পরেই স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জহিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/টিবি

