রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের দীর্ঘদিনের আন্দোলনের মধ্যেই অবশেষে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রোডম্যাপ প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়, মাউশি এবং স্থানীয় প্রশাসনকে অবগত করেছে। একইসাথে নির্বাচন আয়োজনের অনুমতির জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে। শিক্ষার্থীদের জোরালো দাবির মুখে কলেজ কর্তৃপক্ষ নিম্নোক্ত রোডম্যাপ ঘোষণা করেছে।
নির্বাচনি রোডম্যাপের সময়সূচি:
১. আইডি কার্ড নিশ্চিতকরণ: প্রথম ধাপ আগামী ১১ ডিসেম্বর ২০২৫
২. খসড়া ভোটার তালিকা: ছবিযুক্ত খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে।
বিজ্ঞাপন
৩. নির্বাচন কমিশন গঠন: মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন গঠন করা হবে।
৪. চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন গঠনের ২ সপ্তাহের মধ্যে ছবিযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা তৈরি ও প্রকাশ করা হবে।
৫. তফশিল ঘোষণা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ১ সপ্তাহের মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।
৬. ভোট গ্রহণ ও ফলাফল: তফশিল ঘোষণার ২০ দিনের মধ্যে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।
বিশেষ সতর্কতা ও নির্দেশনা:
বিজ্ঞপ্তিতে বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ঘোষিত তারিখের আগেই যদি মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যায়, তবে এই নির্বাচনি রোডম্যাপ পরিবর্তন করে সময় এগিয়ে আনা হতে পারে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমতি পাওয়ার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে।
এদিকে, আন্দোলনের মধ্যেই দীর্ঘ অপেক্ষার পর কাকসু নির্বাচনের এমন সুনির্দিষ্ট ঘোষণা আসায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অবশেষে আন্দোলন সার্থক বলেও অনেকে মন্তব্য করেন।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্যদিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এখন সব শিক্ষার্থী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার ঐকান্তিক সহযোগিতা দরকার। যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি। এসময় তিনি মিডিয়ার সহযোগিতাও কামনা করেন।
প্রতিনিধি/এসএস

