রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দলের জেরে একটি সংবাদ সম্মেলনে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে সাংবাদিকদের আটকে রাখা, অশ্রাব্য ভাষা ব্যবহার, সংবাদ সংগ্রহ ও সংবাদ সম্মেলনে অংশগ্রহণে বাধা দেওয়া এবং হেনস্তার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এনসিপির কর্মীরা বারবার সংবাদকর্মীদের অবরুদ্ধ করে হেনস্তা করা হবে বলে শাসান।
এমন হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাবিরোধী উল্লেখ করে আরটিজেএর নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আরটিজেএর আহ্বায়ক মেহেদী হাসান শ্যামল ও সদস্য সচিব আব্দুল জাবীদ অপু এক বিবৃতিতে এ দাবি জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আরটিজেএ মনে করে এ ধরনের আচরণ ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় গঠিত রাজনৈতিক দল এনসিপির কর্মী ও নেতাদের এমন আগ্রাসী ভূমিকা গণমাধ্যমের ওপর সরাসরি হস্তক্ষেপ ও হুমকি। এ ধরনের ঘটনা এনসিপির প্রতিশ্রুত নতুন বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়। তাই অবিলম্বে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এনসিপিকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে আরটিজেএ।
সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির রাজশাহী জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকা সংবাদ সম্মেলন চলছিল। এতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ শোয়েব ও মেহেদীসহ বেশ কয়েকজন সম্মেলনস্থলে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সাংবাদিকদের আটকে তালা মেরে রাখার হুমকি দেন। এ নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রতিনিধি/একেবি

