মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

রংপুরে গণভোটসহ ৫ দফা দাবিতে বুধবার আট দলের সমাবেশ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

রংপুরে গণভোটসহ ৫ দফা দাবিতে বুধবার আট দলের সমাবেশ

আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পাঁচ দফা দাবিতে আগামী বুধবার সমাবেশ করবে আট দল।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ্ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদে’ জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। গণভোট ছাড়া এ নির্বাচন অনুষ্ঠিত হলে তা জনগণের প্রকৃত ম্যান্ডেট তুলে ধরতে পারবে না।

জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম বলেন, ফ্যাসিস্ট সরকারের অতীত দুঃশাসন, ভোটাধিকার হরণ, বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, গণহত্যা এবং ব্যাপক দুর্নীতির বিচার দৃশ্যমান না হলে এ দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

এ সময় তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আগামী বুধবার অনুষ্ঠিত আট দলের ঘোষিত বিভাগীয় সমাবেশ সফল করতে রংপুরবাসী এবং গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা আমির গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মো. আব্দুর রহমান কাসেমী, সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফা, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল সাঈদ, জেলা সভাপতি মাওলানা নূর আলম সিদ্দিক, খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি ও বিভাগীয় সহকারী পরিচালক মো. তৌহিদুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাওলানা সাহিদুর রহমান রাজা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রংপুর জেলা সভাপতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রংপুর মহানগর সভাপতি আব্দুস সাত্তার শাহ, জেলা সেক্রেটারি মো. হারুন অর রশিদ ফুলবাবু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রংপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর