গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় লোকালয়ে ঘুরছে বন্য শিয়াল। এসব শিয়ালের আক্রমণে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকার বসতবাড়ি ও আশপাশের এলাকায় হঠাৎ করে একদল শিয়াল হানা দেয়।
বিজ্ঞাপন
এসময় শিয়ালের কামড়ে ফেন্সি বেগম (৫৫), আলেয়া বেগম (৬০), টুকটুকি খাতুন (৮), ফারুক (৪৫), আব্দুর রশিদ (৫০), সাহিদা বেগম (৪৩), মুক্তা খাতুন (২২), মামুনী খাতুনসহ (২২) অন্তত ১০ জন আহত হয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং আতঙ্কিত অবস্থায় শিয়ালকে ধাওয়া করতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা একটি শিয়াল ধরে পিটিয়ে মেরে ফেলেন। আহতদের দ্রুত উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার পর থেকেই ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও বন বিভাগের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী বলেন, বন্য শিয়ালের উপদ্রব নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, 'শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভ্যাকসিন সরবরাহ নেই। তাই তাদেরকে সদরে অথবা নিকটস্থ কোথাও পাওয়া গেলে দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস
