চট্টগ্রামের মিরসরাইয়ে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত ধর্ষক আনোয়ার হোসেন পালিয়ে যায়।
ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বিজ্ঞাপন
রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম মো. আনোয়ার হোসেন (৩৫)। সে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ভুট্টু মিয়ার ছেলে।
ধর্ষণের শিকার ওই শিশুর মামা অভিযোগ করে বলেন, আমার ১১ বছর বয়সি ভাগনী রোববার দুপুরে বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই ইউনিয়নের ইসলামপুর এলাকার আনোয়ার হোসেন জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। এ ঘটনায় আমরা শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
বিজ্ঞাপন
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসক ডা. ইসমাইল বলেন, রোববার বিকেলে এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

