শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভূমিকম্পে মেডিকেল শিক্ষার্থী ছেলের মৃত্যুর খবর এখনো জানেন না আহত মা

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পে মেডিকেল শিক্ষার্থী ছেলের মৃত্যুর খবর এখনো জানেন না আহত মা
রাফিউল ইসলাম ওরফে রাফি।

রাজধানীর বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ধসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম ওরফে রাফির (২২) বগুড়া শহরের বাড়িতে চলছে মাতম।

রাফিউল বগুড়া শহরের সূত্রাপুর খান্দার সড়কসংলগ্ন মিশন হাসপাতালের পাশে ‘রমিছা ভিলা’র বাসিন্দা সরকারি কলেজের অধ্যক্ষ ওসমান গণির ছেলে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে লাশবাহী ফ্রিজিং একটি অ্যাম্বুলেন্সে রাফিউলের লাশ বগুড়ার বাসার সামনে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

শুক্রবারের ওই ভূমিকম্পে রাফিউলের সঙ্গে থাকা তার মা নুসরাত আক্তারও আহত হন। ঘটনার পরপরই তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছেলের লাশের সঙ্গে আলাদা আরেকটি অ্যাম্বুলেন্সে মা নুসরাত আক্তারকেও বগুড়ায় আনা হয়। তাকে ঢাকা থেকে বগুড়ায় নেওয়ার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় মারাত্মক চোট পাওয়া নুসরাত বেগম এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।

নিহত রাফিউলের চাচা গোলাম মোস্তফা বলেন, ছেলের মৃত্যুর খবর এখনো (শনিবার বেলা চারটা পর্যন্ত) তার মা নুসরাত আক্তার জানেন না। মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসকদের পরামর্শে এখনো ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি।

গোলাম মোস্তফা বলেন, রাফিউল খুবই মেধাবী এবং শান্ত স্বভাবের ছিলেন। বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় মায়ের সঙ্গে দুই ভাই–বোন পুরান ঢাকায় থাকতেন। গতকাল শুক্রবার সকালের ভূমিকম্পের সময় কসাইটুলীর এলাকার একটি দোকানের সামনে মাংস কিনতে দাঁড়িয়েছিলেন রাফিউল ও তার মা। এ সময় ভবনের রেলিং ভেঙে মা–ছেলে দুজনই আহত হন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাফিউল ইসলামকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার মা নুসরাত আক্তারকে ভর্তি করা হয় হাসপাতালে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই ভাই–বোনের মধ্যে ছোট রাফিউলের শৈশব ও বেড়ে ওঠা বগুড়া শহরে। পড়ালেখায় হাতেখড়ি বগুড়া ওয়াইএমসিএ স্কুলে। পরে বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২১ সালে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করার পর ভর্তি হন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তিনি ৫২তম ব্যাচের শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষে পড়তেন। বড় বোন রাইসা বর্তমানে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। বাবা ওসমান গণি সরকারি একটি কারিগরি কলেজের অধ্যক্ষ।

স্বজনেরা বলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজে রাফিউলের প্রথম জানাজা শেষে লাশ বগুড়ায় নেওয়া হয়। বাদ জোহর শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান গোরস্তানে তাকে দাফন করা হয়।

স্বজনদের বর্ণনা অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প যখন আঘাত হানে, তখন কসাইটুলীতে কেপিগোজ স্ট্রিটের ২২ /সি ভবনের ছাদের রেলিং ভেঙে নয়নের মাংসের দোকানের সামনে পড়ে। এ সময় মাংস কেনার জন্য দাঁড়িয়ে থাকা রাফিউল ইসলাম নিহত হন। তার মা নুসরাত আক্তার গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর