বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জ-১: বিএনপি মনোনয়ন দ্বন্দ্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জ-১: বিএনপি মনোনয়ন দ্বন্দ্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
বিএনপি মনোনয়ন দ্বন্দ্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ। ছবি: ঢাকা মেইল

মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের তিনজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা। 

শনিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে এই অবরোধের ফলে অল্প সময়ের জন্য মহাসড়কে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়। এতে কিছুটা ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহন চালকদের।


বিজ্ঞাপন


শনিবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত এক জনসভা থেকে এই বিক্ষোভের সূত্রপাত। জনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন এই তিনজন মনোনয়নপ্রত্যাশী একই মঞ্চে এসে মুন্সিগঞ্জ-১ আসনে ঘোষিত দলীয় মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানান।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই তিন নেতার অনুসারী কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভায় যোগ দেন।

সমাবেশ শেষে দুপুর ১টার দিকে কয়েক শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় এসে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এ সময় উপজেলা বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা সড়কে বসে থেকে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন এবং নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে ছিলেন, সেই ত্যাগী নেতারা মুন্সিগঞ্জ-১ আসনে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এ কারণেই আসনটিতে মনোনয়ন পুনর্বিবেচনা করা অত্যাবশ্যক।’


বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছে, কিছু সংখ্যক বিএনপির নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে প্রশাসন এবং বিএনপির একাংশের মনোনয়নপ্রত্যাশীদের অনুরোধে তারা দ্রুত এক্সপ্রেসওয়ের পাশ থেকে সরে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় প্রায় আধ ঘণ্টা পরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

বিক্ষোভ ও সমাবেশে অংশ নেওয়া মীর সরফত আলী সপু ও মমিন আলী সহ নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, হাইকমান্ড তাদের দাবি বিবেচনা করে দলীয় মনোনয়ন পুনরায় নির্ধারণ করবে।

চলতি মাসের ৩ নভেম্বর মুন্সিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে নবগঠিত জেলা বিএনপির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল্লার নাম ঘোষণা করা হয়েছিল।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর