সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ এএম

শেয়ার করুন:

পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

সারাদেশের ন্যায় নীলফামারীতেও পদোন্নতি বঞ্চিত সরকারি কলেজের প্রভাষকরা তিন দফা দাবির বাস্তবায়নে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

রোববার (১৬ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা।


বিজ্ঞাপন


রোববার নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক ও আরবী বিভাগের প্রভাষক ড. মো. ফরহাদ উল ইসলাম, সদস্য সচিব ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক ইসলাম শিক্ষা বিভাগের মোনাব্বেরুল হাসান।

তিন দফা দাবির কর্মসূচিতে বক্তারা দ্রুত মামলা নিষ্পত্তি, শিক্ষা মন্ত্রণালয়ের ২০০০ বিধিতে কলেজসমূহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তি নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপন বাতিল এবং পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানান।

সদস্য সচিব প্রভাষক আবু বকর সিদ্দিক বলেন, ৩২-২৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য প্রভাষকদের আজও পদোন্নতি হয়নি। সামাজিকভাবে তারা মর্যাদা হারাচ্ছেন। আমরা কেন বঞ্চিত হচ্ছি পদোন্নতি থেকে? সরকারের প্রতি অনুরোধ, দ্রুত আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক।


বিজ্ঞাপন


আহ্বায়ক ড. ফরহাদ উল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ নীতিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

জানা গেছে, নীলফামারীর পাঁচটি সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আওতায় রয়েছেন ৬৮ জন প্রভাষক। দাবির দ্রুত বাস্তবায়নের জন্য তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রতিনিধি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর