বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

চাকসু নির্বাচনের ব্যয় ১ কোটি ২০ লাখ টাকারও বেশি

রেদওয়ান আহমদ, চবি
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

চাকসু নির্বাচনের ব্যয় ১ কোটি ২০ লাখ টাকারও বেশি

৩৬ বছরের দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক দফতরের তথ্য অনুযায়ী, এই নির্বাচনে এবার খরচ হয়েছে অন্তত এক কোটি বিশ লাখ টাকা।

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয় পরদিন ভোরে। এরপর ২৩ অক্টোবর নবনির্বাচিত নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ২৮ আগস্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করে।


বিজ্ঞাপন


তফসিল ঘোষণার পর থেকে শপথগ্রহণ পর্যন্ত প্রায় দুই মাস ধরে ক্যাম্পাসে চলেছে ব্যাপক প্রস্তুতি, নানা দাফতরিক আয়োজন ও নিরাপত্তা তৎপরতা। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৩৪টি খাতে অনুমোদিত বাজেট ছিল ১ কোটি ২ লাখ টাকা, কিন্তু বাস্তবে ব্যয় গিয়ে ঠেকেছে তারও অনেক ওপরে।

নির্বাচনের বিভিন্ন ধাপে বড় অঙ্কের টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে ব্যালট পেপার মুদ্রণ ও স্ক্যানিং, ব্যালট বাক্স, তালা, কলম, মার্কার, কালি, গাম, খাম, স্টেপলার, সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্ক, এলইডি স্ক্রিন, ভোটকক্ষ নির্মাণ ও পরিচয়পত্র সামগ্রী প্রস্তুত, নির্বাচন কমিশনের সভা সম্মানী, যাতায়াতের গাড়ি ভাড়া, নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীদের খাবার, ভোটের দিন দায়িত্বে থাকা কর্মকর্তাদের পারিশ্রমিক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর খাবার অন্যতম। তবে এসব খাতের কোনো সুনির্দিষ্ট ব্যয় তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘বাজেটের বাইরে কিছু খরচ হয়েছে ঠিকই, তবে ১ কোটি ২০ লাখ খরচ হওয়ার কথা না। চূড়ান্ত হিসাব এখনো হয়নি। খুব দ্রুত খাতভিত্তিক ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম জানান, ‘চূড়ান্ত ব্যয় এখনো নির্বাচন কমিশন আমাদের হাতে আসেনি। তবে, আমাদের হিসাবে নির্বাচন কমিশনের অধীনে এবারের নির্বাচনে ১ কোটি ২০ লাখ টাকারও বেশি খরচ হয়েছে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর