বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে কুয়াশায় বাড়ছে শীত, ১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে কুয়াশায় বাড়ছে শীত, ১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা

উত্তরের হিমকন্যা পঞ্চগড়ে বিদায় নিচ্ছে কার্তিক মাস, বাড়ছে শীত। জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা আর শীতল হাওয়ায় জমতে শুরু করেছে শীত। ভোর থেকে রাত পর্যন্ত হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরাঞ্চলের মানুষ।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৮% ছিল।  এর আগের দিন রোববার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি।


বিজ্ঞাপন


বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের সবুজ ঘাসে চিকচিক করছে শিশিরবিন্দু। সকালে মিষ্টি রোদে কুয়াশা ভেসে বেড়াচ্ছে প্রকৃতিতে। দিনভর রোদে খানিকটা উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে নেমে আসে শীতলতা। ফলে লেপ-কম্বল, সোয়েটার, চাদর হাতে নিতে শুরু করেছেন স্থানীয়রা। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড় ও আশপাশের জেলায় শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজারে দেখা যাচ্ছে, পুরোনো কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।

স্থানীয়রা বলছেন, রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা লাগে। শীত এসে গেছে বুঝা যায়।


বিজ্ঞাপন


তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি দেশের শীতের জেলা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতে শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর