শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

দুর্ঘটনায় প্রাণ গেল এনজিওকর্মীর, শুক্রবার ছিল বিয়ের তারিখ ঠিক করার কথা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম

শেয়ার করুন:

দুর্ঘটনায় প্রাণ গেল এনজিওকর্মীর, শুক্রবার ছিল বিয়ের তারিখ ঠিক করার কথা

শরীয়তপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ মণ্ডল (৩০) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ মণ্ডল পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্য বানিয়াড়ি গ্রামের অজয় মণ্ডলের ছেলে। তিনি শরীয়তপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


বিজ্ঞাপন


পুলিশ ও সহকর্মী সূত্রে জানা যায়, শুভ ছয় মাস আগে গাকে যোগ দেন। সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখা সম্পন্ন হয়। আগামী শুক্রবার (১৪ নভেম্বর) বাড়ি ফিরে পরিবারের সঙ্গে বসে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তার আগেই প্রাণ গেল দুর্ঘটনায়।

রোববার সন্ধ্যায় প্রতিদিনের মতো মাঠের কাজ শেষ করে অফিসে ফিরছিলেন শুভ। এসময় পুলিশ সুপারের বাসভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গ্রাম উন্নয়ন কর্মের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ‘শুভ খুবই ভদ্র ও দায়িত্বশীল কর্মী ছিলেন। সম্প্রতি বিয়ের আয়োজন নিয়ে পরিবারের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু আজই সেই শুভর মৃত্যু সংবাদ পেলাম। আমরা তার পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


বিজ্ঞাপন


এক তরুণের স্বপ্নভরা জীবনের ঠিক আগমুহূর্তে এমন মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর