বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

শীতলক্ষ্যায় মিলল নিখোঁজ যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

শীতলক্ষ্যায় মিলল নিখোঁজ যুবকের মরদেহ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের একদিন পর জয়কৃষ্ণ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নারায়ণগঞ্জ নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়কৃষ্ণ নরসিংদী জেলার সদর থানা এলাকার বিশ্বজিৎ সাহার ছেলে। জয় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ডাইলপট্টির একটি দোকানে চাকরি করতেন। তিনি বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, শুক্রবার রাতে ট্রলার থেকে নদীতে পড়ে জয়কৃষ্ণ নামের ১৯ বছর বয়সের এক যুবক নিখোঁজ হন। রাতে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হলে সোয়া ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতার কারণে নদীতে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হন জয়কৃষ্ণ। পরে দীর্ঘ সময় নিদীয়ে খোঁঝখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।


বিজ্ঞাপন


নারায়ণগঞ্জ নৌপুলিশের এসআই রকিবুল হাসান বলেন, শুক্রবার রাতে রামকৃষ্ণ নামের ওই যুবক বন্দর থেকে নদী পার হয়ে শহরের কেন্দ্রীয় টার্মিনাল সংলগ্ন সেন্ট্রাল খেয়াঘাটে এসে ট্রলার থেকে নামতে গিয়ে অসাবধানতার কারণে পা ফসকে নদীতে পড়ে তলিয়ে যান। এসময় সঙ্গে সঙ্গে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবুরি দল তাৎক্ষণিক গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। গভীর রাত পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আজ সকালে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে বেলা সোয়া ১০টায় দুর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার হয়। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর