কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাদানের অভিযোগে ৩ মামলার আসামি মেজবাহ উদ্দিন ভুঁইয়াকে গ্রেফতার করেছে ঢাকা পল্টন থানা পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পল্টন থানার ভিআইপি টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি কুমিল্লা সদরের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী ছিলেন। কুমিল্লা কোতয়ালী থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য। তিনি কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্নপুর এলাকার ওয়াহিদুর রহমান ভুঁইয়ার ছেলে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্য নেতাদের মতো তিনিও গা ঢাকা দেন। বেশ কয়েকদিন আগে এলাকায় এসে মামলার জামিনের জন্য চেষ্টা তদবির শুরু করেন।
স্থানীয়রা জানান, মেজবাহ উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন ঠেকাতে মাঠে তৎপর ছিলেন। সরকার পতনের পর ৩ মামলার আসামি বেশ কিছুদিন তিনি পলাতক থাকলেও সম্প্রতি মামলার জামিন নিতে চেষ্টা তদবির শুরু করেন। দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ ১৬ বছর ধরে এলাকায় তাসের রাজস্ব সৃষ্টি করেছে। আমাদের জায়গা সম্পত্তি দখল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। কেউ প্রতিবাদ করার সাহস পেত না। প্রতিবাদ করলেই বাহারের সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের নির্যাতন করতেন বলেও জানান স্থানীয়রা।
প্রতিনিধি/এসএস




