মিয়ানমারের রাখাইন রাজ্যে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সেই গোলাগুলির গুলি এসে পড়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায়। এতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া একটি গুলি এসে স্থানীয় একটি দোকানের টিনশেডে আঘাত হানে।
রোববার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন, ‘বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলি চলছে। শনিবার বিকেলে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় ওপার থেকে গুলি এসে পড়ে। একটি গুলি স্থানীয় বাসিন্দার টিনশেড ভেদ করে, আরেকটি গুলি ছেনুয়ারা বেগমের পায়ে লাগে।’
ইউএনও আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবহিত করা হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্কভাবে চলাফেরার পরামর্শও দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ বলেন, ‘হঠাৎ করে সীমান্তের ওপারে তীব্র গোলাগুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর একটি গুলি আমার কম্পিউটার দোকানের টিনশেড ভেদ করে নিচে পড়ে।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, ‘তেচ্ছিব্রিজ এলাকার ওপারে মিয়ানমারের দিকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সেই গুলিতেই ছেনুয়ারা বেগম আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া স্থানীয় একটি কম্পিউটার দোকানে তাজা গুলি এসে পড়েছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সীমান্তবাসীর নিরাপত্তা এখন জরুরি প্রয়োজন।’
প্রতিনিধি/একেবি




