মুন্সিগঞ্জে কোস্ট গার্ড ও জেলা মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে প্রায় ৬২৬ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও জেলা মৎস্য অধিদফতরের সমন্বয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুরের ডিঙ্গাভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
অভিযান চলাকালে ছয়টি গোডাউন ও ছয়টি জাল তৈরির কারখানায় তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লাখ টাকা বলে জানায় কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞাপন
তিনি জানান, মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিযানে জব্দকৃত জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে অভিযানচলা কালে অবৈধ কারেন্ট জাল উৎপাদনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/ এজে




