খুলনার পাইকগাছায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রাধীন পাইকগাছা উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌসের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মাহফুজ উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষা প্রসারে বাউবি নিরলসভাবে কাজ করছে। আধুনিক পাঠ্যক্রম, কারিগরি ও ভকেশনাল শিক্ষা, তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। ইতোমধ্যে অনেক প্রোগ্রামের ফি কমানো করা হয়েছে, ধাপে ধাপে অন্য প্রোগ্রামের ফিও কমানো হবে যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সমান সুযোগ পায়।
তিনি আরও বলেন, গাজীপুরে মূল ক্যাম্পাস ছাড়াও বাউবি বর্তমানে দেশের ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাইকগাছায় উপ-আঞ্চলিক কেন্দ্র পুনরায় চালু হওয়ায় এখানকার মানুষের জন্য শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আল দীন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী।
প্রতিনিধি/এসএস




