মিথ্যা অভিযোগে মামলা দায়েরের দায়ে মিল্টন মুন্সি নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. এম. শরীয়ত উল্লাহ এই রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মিল্টন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার মো. শাহজাহান মুন্সির ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মিল্টন মুন্সির অস্ট্রেলিয়া প্রবাসী ভগ্নিপতি সুলতান আহম্মেদের জমি দখলের অভিযোগে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেই জিডিতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন বাদল (৫৫) ও মো. নাসির উদ্দিনকে (৫৮) অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সাধারণ ডায়েরিটি আমলে নিয়ে আদালত বিচারিক কার্যক্রম শুরু করে। তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে আদালত বাদী মিল্টন মুন্সিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ডের নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব স্বপন বলেন, বাদী তার অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ফলে অভিযোগটি ভিত্তিহীন প্রমাণিত হয়। আদালত ফৌজদারি কার্যবিধির ২৫০(২) ধারা অনুযায়ী এই দণ্ড দেন। অভিযুক্ত দুই আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।
প্রতিনিধি/টিবি




