মানিকগঞ্জ শহরের অভি অলংকার নামের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দোকানের মালিক শুভ দাসের সাজানো নাটক ছিল বলে অভিযোগ উঠেছে। পাঁচ লাখ টাকা চুক্তিতে দুর্বৃত্তদের ভাড়া করে এই নাটক সাজান তিনি। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতারসহ প্রায় ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপুর মোছাম্মদ ইয়াছমিন খাতুন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়ার স্বর্ণকারপট্টির পাণ্ডব ভবনের নিচ তলায় অবস্থিত অভি অলংকার নামের দোকানে গত শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দোকানের মালিক শুভ দাসকে ছুরিকাঘাত করে ৩৯.৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এমন খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ সদস্যরা বিভিন্ন ধরনের তদন্ত শুরু করেন। এক পর্যায়ে ডাকাতদের অবস্থান শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, স্বর্ণের দোকানদারের মালিক শুভ দাসের কথায় আমরা ডাকাতির এই নাটক করেছি। আপনারা তদন্ত করে দেখতে পারেন এবং তাদের সঙ্গে শুভ দাস যে জড়িত এমন অনেক প্রমাণও তারা দিতে সক্ষম হয়।
![]()
তিনি আরও বলেন, দোকানের মালিক শুভ দাসের মূল উদ্দেশ্য ছিল তার কাছে রাখা বিভিন্ন গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ করা। সে জন্য তার বন্ধু মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সঙ্গে বুদ্ধি করে নিজের দোকানেই ডাকাতি করে স্বর্ণ আত্মসাৎ করতে চেয়েছিলেন। তার বন্ধু এই ঘটনা ঘটানোর জন্য ৫ লাখ টাকার চুক্তি করে। শুভ ও আমানত আরও ৪ জনকে সঙ্গে নিয়ে এই ডাকাতির নাটক সাজান।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, দোকানের মালিক শুভ দাস (৩৫), তার বন্ধু আমানত হোসেন রানা (২৭), সোহান মিয়া (২১), মো. শরীফ খান (২২), মো. সবুজ মিয়া (২৭)। এ ঘটনার সঙ্গে জড়িত ১ জন পলাতক রয়েছেন। আর দোকানের মালিক শুভ দাস আহত থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিনিধি/এসএস




