মুন্সিগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা গুলিবিদ্ধ সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫)-এর অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার করেন।
এছাড়া আহত সাব্বির মোল্লা (২২)-কে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভিটি হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয় গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে অবিস্ফোরিত ১৪টি তাজা ককটেল উদ্ধার করে।
বিজ্ঞাপন
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।’
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
প্রতিনিধি/একেবি

