বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির কর্মকর্তা-কর্মচারীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির কর্মকর্তা-কর্মচারীরা
বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেছেন কর্মকর্তারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের ওপর ‌‘হামলার’ প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি চলছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি চত্বরের সামনের লিচুতলায় অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে সকল ধরনের অফিসিয়াল কার্যক্রম। তবে কিছু কিছু বিভাগ নিজ উদ্যোগে নিচ্ছে ক্লাস-পরীক্ষা। তবে কোনো শিক্ষককে অবস্থান নিতে দেখা যায়নি।

কর্মকর্তা ও কর্মচারিদের দাবি, গতকাল যারা শিক্ষকের গায়ে হাত দিয়েছে তাদেরকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে। প্রাতিষ্ঠানিক সুবিধাও নিশ্চিত করতে হবে বলে জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, গতকালকে ছাত্র নামধারী কিছুসংখ্যক সন্ত্রাসী দ্বারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শারীরিকভাবে লাঞ্চিত হয়েছে। এমনকি তাকে বাসাতেও ঢুকতে দেওয়া হয়নি। এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দিতে হবে।

এই আন্দোলন রাকসুতে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাকসুতে এই আন্দোলন কোনো প্রভাব ফেলবে না। রাকসুকে আমরা আমাদের কর্মসূচির বাহিরে রেখেছি।

এ সময় অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, গতকালকের ঘটনায় যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। যারা বহিরাগত তাদের বিরুদ্ধে আনইনানুগ ব্যবস্থা নিতে হবে। যদি শাস্তি নিশ্চিত করা না হয়, আগামীকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সবকিছু শার্টডাউন করে দিব।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপ-উপাচার্য (প্রশাসন) প্রশাসনিক ভবন থেকে বের হলে পোষ্যকোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেন। পরে তিনি হেঁটে তার বাসভবনের দিকে যেতে থাকেন। শিক্ষার্থীরা তার বাসভবনের ফটকে তালা লাগিয়ে দিলে তিনি জুবেরী ভবনের দিকে যান। তার সঙ্গে প্রক্টর মাহবুবর রহমানও ছিলেন। বিকেল সাড়ে ৪টার থেকে জুবেরী ভবনে উপ-উপাচার্য মাঈন উদ্দীনসহ বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে আটকে রাখেন শিক্ষার্থীরা।

এমন পরিস্থিতিতে শনিবার রাত পৌনে ১০টার দিকে উপ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার কর্মবিরতির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলীম। সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীও কর্মবিরতিতে থাকবেন বলে উল্লেখ করেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর