নরসিংদীর রায়পুরায় মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টায় রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মুদি মালামালের ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। তখন আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই মো. আরিফ মিয়া জানান, মানিক ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে অনেকবার ফোন দিলেও ফোন ঢোকে কিন্তু রিসিভ করে না। পরে আমরা তার খোঁজে বাজারে যাওয়ার পথে আড়িয়াল খাঁ নদের পাশে তার গলাকাটা করা লাশ দেখতে পাই।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলার পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চলাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনোকিছু জানা যায়নি।
প্রতিনিধি/টিবি




