রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট' থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই বিপ্লবে চোখ হারানো এবং মস্তিষ্কে গুলিবিদ্ধ রাবি আইবিএ বিভাগের শিক্ষার্থী দ্বীপ মাহবুব।
রোববার (৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার পর ছাত্রশিবির-সমর্থিত ২৩ সদস্যবিশিষ্ট প্যানেলে তার নাম ঘোষণা করা হয়।
এ বিষয়ে দ্বীপ মাহবুব বলেন, “ছাত্র সংসদ মূলত শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। ছাত্রশিবির তাদের প্যানেল গঠন করেছে সবাইকে নিয়ে। জুলাইয়ের ঘটনার পর ছাত্রশিবিরকে কাছ থেকে দেখার ও জানার সুযোগ হয় আমার। এরপর তাদের সাংগঠনিক কাঠামো, আদর্শ ও কার্যকলাপ আমাকে আকৃষ্ট করে। আহত একজন কর্মী হিসেবে যখন তারা আমাকে প্যানেলে রাখার প্রস্তাব দেয়, তখন আমি তাদের পরিকল্পনা দেখি এবং বুঝি এটি একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) প্যানেল, যেখানে আমি ভূমিকা রাখতে পারি।”
তিনি আরও বলেন, “জুলাইয়ে আমার একটি চোখ হারিয়েছি, এবং মস্তিষ্কে এখনও গুলির অংশ রয়ে গেছে। আমার বাম হাত ও পা আংশিক প্যারালাইজড হলেও আমি পুনরায় ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছি। যদি নির্বাচিত হই, তবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”
২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের অংশ হিসেবে ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের একটি মিছিলে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা অতর্কিত গুলি চালায়। এতে দুই শিক্ষার্থী নিহত হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরও অনেকে আহত হন। দ্বীপ মাহবুবের চোখে গুলি লেগে তা মস্তিষ্কে পৌঁছে যায়। পাঁচ মাস দীর্ঘ চিকিৎসার পর তিনি পুনরায় পড়াশোনায় ফিরে আসেন, যদিও তার শরীরের একটি অংশ এখনও অবশ।
প্রতিনিধি/একেবি




