নাফ নদী থেকে দু’দিনে ২৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি (এএ)।
রোববার (২৪ আগস্ট) মাছ ধরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে টেকনাফের নাফনদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে দু’টি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে শনিবার ১২ জেলেকে জিম্মি করে সাগর থেকে নিয়ে যাওয়া হয়।
রোববার (২৪ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির পরিচালক সাজেদ আহমেদ।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে ফিরছিল। এসময় আরাকান আর্মি সদস্যরা আমাদের ঘাটের দু’টি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে একটি ট্রলারের মালিক টেকনাফের ডেইল পাড়ার ফরিদ আলম, অপরটি নাইট্যংপাড়ার ছৈয়দ আলম। এর আগে শনিবার দুপুরে টেকনাফ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১২ জেলেসহ একটি আরও একটি নৌকা ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তারও আগে ১২ আগস্ট ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
![]()
গত বছরের ডিসেম্বর থেকে এই পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৩৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এরমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, রোববার দুপুরে দু’টি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এর আগে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে প্রশাসন কাজ করছে।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস




