সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৩৫) ও আকবর হোসেন (৩৮) নামে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আব্দুল মতিন ও আকবরের সমর্থকরা লক্ষ্মীপুর মাঠে ফুটবল খেলছিলেন। খেলার এক পর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে মতিন আকবরের বাড়িতে গেলে আকবরের লোকজন তাকে মারধর করে। এরপর মতিনের পক্ষের লোকজন বাজারে গিয়ে আকবর ও তার সহযোগীদের ওপর হামলা চালায়।
![]()
দুই দফায় চলা সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষ হয়েছে। এতে দু’জন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।
প্রতিনিধি/এসএস




