ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে ছয়জন আটক হয়েছেন। এসময় চাঁদা না পেয়ে তারা ট্রাকচালক ও সহকারীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরশেদুল হক।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন— জাহিদ হাসান (১৯), আব্দুল সমাদ (১৮), মো. সাত্তার (১৯), মো. ইব্রাহিম খলিল (২৩), মো. আলামিন (১৮) ও মো. রাশেদ আহমেদ (৩০)। তারা সবাই রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নেকমরদ এলাকায় একটি মালবাহী ট্রাক আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। ট্রাকচালক ও সহকারী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর ও হুমকি দেওয়া হয়। পরে চালক গাড়ির মালিককে জানালে তিনি বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল গিয়ে ছয়জনকে হাতেনাতে আটক করে রানীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরশেদুল হক বলেন, চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ছয়জনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে কেউ বাদী না হওয়ায় আদালতের মাধ্যমে চালান দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

