শেরপুরের নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরুদ্ধ হয়ে রবিউল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশু মারা গেছে। সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন আহম্মেদ নূর এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত শিশু রবিউল আন্ধারিয়াগোপ গ্রামের রেজাউলের ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, শিশু রবিউল রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে লিচু খাচ্ছিল। হঠাৎ লিচুর সাথে থাকা একটি বিচি গিলে ফেলে সে। একপর্যায়ে লিচুর বিচিটি গলায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে ছটফট শুরু করে রবিউল। বিষয়টি পরিবারের লোকজন টের পান। পরে বেশ চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত ৯টার দিকে রবিউলকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন আহম্মেদ নূর বলেন, শ্বাসনালীতে লিচুর বিচি আটকে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/এফএ




