বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ছাত্র হত্যা মামলায় ফেনীতে দুই আইনজীবীর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

ছাত্র হত্যা মামলায় ফেনীতে দুই আইনজীবীর আত্মসমর্পণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ফেনী জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার এবং অ্যাডভোকেট ছোটন কংস বণিক। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরে তারা ফেনী জেলা জজ আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করেন।

আদালত উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আগামী ২৯ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের কৌশলী অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ছোটন কংস বণিক, ফেনীতে গত জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত একটি হত্যা মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তারা পুনরায় জামিনের জন্য আবেদন করেন। আদালত জামিনের মেয়াদ ২৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেন এবং সেই দিনই জামিনের বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন।

এছাড়া, মামলার এজাহারে উল্লেখিত ঘটনার দিন দুই আসামির অবস্থান কোথায় ছিল তা নির্ধারণ করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, ‘দুই আইনজীবীর জামিন বিষয়ে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। জামিনের মেয়াদ ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ওই দিনই মূল জামিন শুনানি অনুষ্ঠিত হবে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর