কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের শেষ দিনের প্রচার-প্রচারণা চলছে। অভিযোগ-পাল্টা অভিযোগে শুরু হয়েছে দিনটি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত সোমবার (১৩ জুন) সকালে রাণী দিঘির পাড়ের নির্বাচনী কার্যালয় থেকে প্রচার শুরু করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিফাত বলেন, 'আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টাকা ছড়াচ্ছেন। সারা শহরে এই কালো টাকা ছড়ানো হচ্ছে। তবে আমি এর জন্য কারও কাছে অভিযোগ দেবো না। জনগণ এদেরকে প্রতিহত করবে।’
বিজ্ঞাপন
নৌকার প্রার্থী বলেন, 'আজ পর্যন্ত আমি কারও বিরুদ্ধে অভিযোগ করিনি। আপনারা দেখেন, নির্বাচনী মাঠে কোনো সমস্যা আছে? নাই।’
কুমিল্লা সদরের সরকারদলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে তিনি সেই নির্দেশ উপেক্ষা করে কুমিল্লাতেই অবস্থান করছেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিফাত বলেন, 'বাহার ভাইয়ের জন্ম কুমিল্লার মাটিতে। তিনি কুমিল্লাতেই থাকবেন। আপনারা কি দেখেছেন বাহার ভাই নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে? একজন ব্যক্তি অভিযোগ করেছেন, তা যাচাই-বাছাই না করে ইসি একটি নোটিশ দিয়ে দিছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য।’
আপনার শক্তি এমপি বাহার নাকি জনগণ? এমন প্রশ্নের উত্তরে রিফাত বলেন, 'আমার শক্তি জনগণ। জনগণের শক্তি এমপি বাহার। আশা করি কুমিল্লায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আজ মধ্যরাতে শেষ হবে এই নির্বাচনের প্রচার-প্রচারণা। বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটির তৃতীয় নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটাই তাদের অধীনে বড় কোনো নির্বাচন। এজন্য এই সিটির নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভোট কুমিল্লায় হলেও গোটা দেশের নজর রয়েছে এই নির্বাচনের ওপর।
বিজ্ঞাপন
জেবি

