যশোরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার নির্দেশে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং এই কারণে তাকে কমপক্ষে ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। তার নির্দেশেই ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশ আজ গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। সেই সকল শহীদ ও গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের ফাঁসি হবে। এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আর কখনো ফিরে আসার সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে আমান উল্লাহ আমান দলের নতুন ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমান উল্লাহ আমান আরও বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ নিয়ে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে। আমাদের সজাগ ও সতর্ক থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারব, ইনশাআল্লাহ। কারণ জনগণ ভালো মানুষের দল বিএনপিকে চায়। বিএনপি অতীতে বারবার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং আগামী দিনেও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিদায় হয়েছে। দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সেই আন্দোলনে আমরা হারিয়েছি ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনসহ অনেককে গুম করা হয়েছে। কারণ শেখ হাসিনা আক্রোশের রাজনীতি করতেন। আক্রোশের বশবর্তী হয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের গুম, খুন করেছেন। যাদেরকে গুম করা হয়েছে, আমরা তাদের ফিরিয়ে চাচ্ছি।
আমান উল্লাহ আমান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মধ্যে উল্লেখ করেছেন, বিগত ১৬ বছর যে সকল রাজনৈতিক দল আন্দোলনে ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তিনি বলেছেন, দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটি তার বড় মনের পরিচয়। আমাদেরকে সর্বদা সজাগ ও সতর্ক থেকে লক্ষ্য অবিচল রেখে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু মতবিনিময় সভা পরিচালনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়া।
প্রতিনিধি/একেবি

